দেশের ভোক্তা পর্যায়ে আবারও কমানো হয়েছে এলপি গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, নতুন এ দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের মূল্যও। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দুই দফায় এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম দাঁড়ায় ১ হাজার ৯৪০ টাকায়। ফলে দুই দফায় মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল এলপি গ্যাসের দাম।
সাম্প্রতিক এই মূল্যহ্রাসে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন সাধারণ ভোক্তারা। বিশেষ করে রান্নার কাজে এলপি গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলো নতুন দামে আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 Comments