রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এ সময় আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার কোনো অপরাধীকে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “এখন পর্যন্ত এমন কোনো নজির নেই যেখানে সরকার অপরাধীকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আলোচিত রামিসা হত্যা মামলার অগ্রগতি সম্পর্কেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মামলাটির বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসা হত্যা মামলার বিচারকাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।”
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো অপরাধের ক্ষেত্রে তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করাই সরকারের প্রধান লক্ষ্য।
0 Comments