Ticker

6/recent/ticker-posts

Ad Code

আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ

 


প্রায় দেড় মাসের ব্যবধানে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত এপ্রিলে জ্বালানির দাম বাড়ানোর কারণে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বৃদ্ধি পায়নি, বরং বেকারত্ব ও অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে। জনগণ যখন দু’বেলা দু’মুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার পূর্বে আশ্বস্ত করেছিল যে অন্তত এই মাসে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হবে না। আবারও মূল্যবৃদ্ধি করা হলে তা জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ ও ধোঁকাবাজি হিসেবে গণ্য হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাজেট অধিবেশন শুরুর আগে হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলে তা একটি চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ হবে। দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি ইতিমধ্যেই উদ্বেগজনক, সেখানে মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ এবং সমাজের অস্তিত্বের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান, অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার ব্যবস্থা করতে হবে। মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সংগত অধিকার রক্ষায় এবং জনস্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সক্রিয় থাকবে। এছাড়া তিনি দেশবাসীকে সচেতন হওয়া এবং নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য কথা বলার আহ্বান জানিয়েছেন।

Post a Comment

0 Comments